বহির্জাগতিক প্রাণের সন্ধানে আরও এক ধাপ

2008 ডিসেম্বর 10
by Khan Muhammad

উপরে মাউস নিলে এটা দেখা যাবেবেশিদিন আগের কথা না। এই ২০০৫ সালের ৫ই অক্টোবর আমাদের থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত এক তারার চারপাশে ঘূর্ণনরত একটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল। তারাটির নাম ছিল এইচডি ১৮৯৭৩৩। তারার সঙ্গী গ্রহগুলোর নাম যে নিয়মে রাখা হয় সেই নিয়ম মেনেই এই গ্রহের নাম রাখা হয়েছিল এইচডি ১৮৯৭৩৩ বি

এই তারার একটি বিশেষ গুণ ছিল। গুণ না বলে বিশিষ্টতা বলা যায়। প্রথম যে দুটি গ্রহকে সরাসরি বর্ণালিবীক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছিল তার মধ্যে এটি একটি।

এই গ্রহটিই আরেক চাঞ্চল্যকর আবিষ্কারের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। সম্প্রতি হাবল মহাকাশ দুরবিনের মাধ্যমে এই গ্রহে কার্বন ডাই অক্সাইডের সন্ধান পাওয়া গেছে। এ কারণেই একে চাঞ্চল্যকর বলছি যে, কার্বন ডাই অক্সাইড পাওয়া মানেই বহির্জাগতিক প্রাণের সন্ধানে এক ধাপ এগিয়ে যাওয়া। এর আগে এই গ্রহে জলীয় বাষ্প এবং মিথেনও পাওয়া গিয়েছিল। এবার পাওয়া গেল কার্বন ডাই অক্সাইড। আর যায় কোথায়। যেখানে কার্বন ডাই অক্সাইড আছে সেখানে যে প্রাণসংশ্লিষ্ট কতকিছু ঘটতে পারে, বিজ্ঞানমোদী মাত্রই সে কথা জানেন।

এর আগে স্পিৎজার দুরবিনের মাধ্যমে এই গ্রহে জলীয় বাষ্প ও মিথেনের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার হাবল দুরবিন অসাধ্য সাধন করলো। এক্ষেত্রে হাবল দুরবিন দিয়ে “প্রায়-অবলোহিত” (near-infrared) বিকিরণ পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণের এই ধরণ বিজ্ঞানীদের মধ্যে আরও আশার সঞ্চার করেছে। কারণ কোন বহির্গ্রহ থেকে এর আগে প্রায়-অবলোহিত বিকিরণ সনাক্ত করা হয়নি, বিশ্লেষণ তো দূরের কথা। এই পর্যবেক্ষণ পদ্ধতির উন্নয়ন ঘটাতে পারলে ভবিষ্যতের বহির্গ্রহ গবেষণায় বিরাট অগ্রগতি সাধিত হবে।

তাহলে পর্যবেক্ষণ পদ্ধতির কথাতেই আশা যাক। বর্ণালিবীক্ষণ পদ্ধতির মাধ্যমে যে কোন গ্রহে উপস্থিত রাসায়নিক উপাদান সনাক্ত করা যায় সে কথা অনেকেই শুনেছেন। এর প্রক্রিয়াটাও বেশ সরল। কোন গ্রহ বা তারার কেন্দ্রের উচ্চ তাপমাত্রায় উৎপন্ন তড়িচ্চুম্বকীয় বিকিরণগুলো যখন বাইরের দিকে আসতে শুরু করে, তখন গ্রহ বা তারায় উপস্থিত রাসায়নিক উপাদানগুলো বিকিরণের কিছু কিছু তরঙ্গ শোষণ করে নেয়। একেক যৌগ বা মৌল একেক তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ শোষণ করে। এই বিকিরণ পৃথিবীতে পৌঁছানোর পর মিসিং তরঙ্গগুলো বিবেচনা করলেই সেই গ্রহ বা তারায় উপস্থিত রাসায়নিক উপাদান সম্পর্কে জানা যায়।

এই বিকিরণ বর্ণালির যেকোন অংশেই হতে পারে। এক্ষেত্রে প্রায়-অবলোহিত বিকিরণ ব্যবহার করা হয়েছে। কারণ, “বায়োমার্কার” নামে পরিচিত রাসায়নিক যৌগগুলো এই তরঙ্গদৈর্ঘ্যেই সবচেয়ে ভালো ধরা পড়ে। আর এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারলেন, ভবিষ্যতে প্রায়-অবলোহিত বিকিরণই আমাদের বহির্গ্রহ গবেষণার চাবিকাঠি হতে যাচ্ছে।

এবার নির্দিষ্ট করে এইচডি ১৮৯৭৩৩ বি গ্রহের কথা বলা যাক। পর্যবেক্ষণ পদ্ধতি বুঝতে হলে প্রথমেই এই গ্রহের কক্ষপথ সম্বন্ধে ধারণা থাকা দরকার। কক্ষপথ বলতে পৃথিবীর সাপেক্ষা কক্ষপথ বুঝাচ্ছি।

এই গ্রহ প্রতি ২.২ দিন (পৃথিবীর) পরপর তার সঙ্গী তারার সামনে দিয়ে অতিক্রম করে। অতিক্রম করার এই প্রক্রিয়াকে ট্রানজিট বলে। অনেকটা গ্রহণের মতই। এই ট্রানজিট কাজে লাগিয়েই গ্রহটি থেকে আসা বিকিরণগুলো আলাদা করা যায়। প্রথমে গ্রহণ শুরু হওয়ার ঠিক আগে গ্রহ ও তারার মোট বিকিরণ হিসাব করা হয়। এরপর গ্রহটি যখন তারার পেছনে চলে যায় তখন শুধু তারা থেকে আসা বিকিরণ মাপা হয়। প্রথমটি থেকে দ্বিতীয়টি বাদ দিলে কেবল গ্রহের বিকিরণ থাকে। এভাবেই আমরা শুধু গ্রহের বিকিরণ নিয়ে গবেষণা করতে পারি। উল্লেখ্য কোন বহির্গ্রহের এ ধরণের কক্ষপথকে “এজ-অন টু আর্থ” বলা হয়।

গ্রহ যখন তারার পেছনে থাকে তখন গ্রহের দিনের বেলাটা নিয়ে গবেষণা করা যায়। আর গ্রহ যখন সামনে থাকে তখন তার রাতের বেলাটা নিয়ে কাজ করা যায়। এই দুয়ের পার্থক্য করাটাও জরুরী।

এই আবিষ্কারের আরেকটা উজ্জ্বল দিক আছে। সেটা প্রায়-অবলোহিত বিকিরণের সাথেই সম্পর্কিত। ২০১৩ সালে নাসা তাদের নেক্সট-জেনারেশন দুরবিন মহাকাশে ছাড়ছে। এর নাম “জেম্‌স ওয়েব মহাকাশ দুরবিন”। এই দুরবিনে প্রায়-অবলোহিত বিকিরণ পর্যবেক্ষণের বিরাট সুযোগ থাকবে। সুতরাং এর মাধ্যমে যে বহির্গ্রহে বায়োমার্কার সন্ধান প্রক্রিয়া পরবর্তী প্রজন্মে প্রবেশ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ট্রিভিয়া

- পৃথিবীর সাপেক্ষে কোন গ্রহ যদি তার সঙ্গী তারার সাথে পর্যাবৃত্তভাবে গ্রহণে লিপ্ত থাকে তাহলে তার কক্ষপথকে “edge-on to Earth” বলা হয়।

- বহির্গ্রহে বায়োমার্কার সন্ধানের সবচেয়ে ভালো উপায় প্রায়-অবলোহিত বিকিরণ সনাক্তকরণ ও বিশ্লেষণ।

- এইচডি ১৮৯৭৩৩ বি গ্রহে কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে।

- জেম্‌স ওয়েব মহাকাশ দুরবিনের মাধ্যমে বহির্জাগতিক প্রাণের সন্ধান নতুন যুগে প্রবেশ করবে।

বিস্তারিত জানার জন্য নিচের দুটি লিংক দেখা যেতে পারে:

- Hubble Telescope Finds Carbon Dioxide On An Extrasolar Planet

- Hubble Telescope Finds Carbon Dioxide on an Extrasolar Planet

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS