আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে ন্যাপথালিনের সন্ধান লাভ

2008 সেপ্টেম্বর 21
by Khan Muhammad

napthalene

স্পেনের Instituto de Astrofísica de Canarias এর বিজ্ঞানীরা আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে ন্যাপথালিন খুঁজে পেয়েছেন। আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে এ যাবৎ খুঁজে পাওয়া সবচেয়ে জটিল যৌগগুলোর মধ্যে এটা অন্যতম। এ থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, পৃথিবীতে জীবন উদ্ভবের আগে জীবন বিকাশের জন্য যে যৌগগুলোর প্রয়োজন ছিল তার অনেকগুলোই হয়ত সূর্য গঠনকারী গ্যাসীয় মেঘে উপস্থিত ছিল। অর্থাৎ সে সময়কার আন্তঃনাক্ষত্রিক পরিবেশে এমন যৌগ থাকাটা মোটেও অবিশ্বাস্য কিছু নয়।

পরশু মণ্ডলের “Cernis 52″ নামক তারার দিক থেকে পাওয়া তড়িচ্চুম্বকীয় তরঙ্গের বর্ণালি বিশ্লেষণের মাধ্যমে এই উপস্থিতি প্রমাণিত হয়েছে। এই তারার আশেপাশে অবস্থিত কোন তারা জন্মদানকারী গ্যাসীয় মেঘ থেকে এই তরঙ্গ এসেছে। এর বর্ণালি ব্যান্ডের সাথে গবেষণাগারে তৈরী ন্যাপথালিনের বর্ণালি ব্যান্ড মিলে গেছে।

এই গবেষণায় কাজ করেছেন আইএসি গবেষক Susana Iglesias Groth, Arturo Manchado এবং Aníbal García। এই তিন বিজ্ঞানীকে সহায়তা করেছেন প্যারিস মানমন্দিরের Jonay González এবং ইউনিভার্সিটি অফ টেক্সাসের David Lambert। তাদের গবেষণার ফলাফল “অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল” এর সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা এখন ঐ একই স্থানে আরও জটিল কোন রাসায়নিক পদার্থ আছে কি-না তা খতিয়ে দেখছেন। কারণ, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ন্যাপথালিন পানি ও অ্যামোনিয়ার সাথে মিলে বিভিন্ন ধরণের জটিল রাসায়নিক যৌগ তৈরী করতে পারে, যেমন, বিভিন্ন অ্যামাইনো এসিড ও ন্যাপথালোকুইনোন। মহাকাশে পানি ও অ্যামোনিয়া প্রচুর পরিমাণে আছে। তাই এসব যৌগ তৈরী হতেই পারে। এই যৌগগুলোই ভিটামিন তৈরীর সূচনা ঘটায়।
এই গবেষণায় প্রকারান্তরে কোন গ্রহে জীবনের বিকাশে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের প্রভাবই বোঝা যাবে।

পৃথিবীর ক্ষেত্রে এর আরও কার্যকারিতা আছে। কারণ, পৃথিবীতে জীবন বিকাশের ঠিক আগে যেসব উল্কাপাত ঘটেছে সেগুলোর উল্কাপিণ্ডে ন্যাপথালিন পাওয়া গেছে। এর সাথে পৃথিবীতে জীবন বিকাশের একটা সংযোগ আবিষ্কৃত হতেই পারে।

এই স্থানে ন্যাপথালিন আবিষ্কারের মাধ্যমে আরেকটি রহস্যের সমাধান হয়েছে। প্রায় ৮০ বছর ধরে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের বর্ণালিবীক্ষণের মাধ্যমে যে অনেকগুলো অচেনা ব্যান্ড পাওয়া যেত। এগুলো আন্তঃনাক্ষত্রিক পদার্থকেই নির্দেশ করতো। কিন্তু কাদের কারণে হচ্ছে তা বের করা যায়নি। এবারে বোঝা গেল, ন্যাপথালিনই এই ব্যান্ডের কারণ। উল্লেখ্য এই ব্যান্ডের নাম “ডিফিউস ইন্টারস্টেলার ব্যান্ড” বা ডিআইবি। এই রহস্যের সমাধান সম্পর্কে Iglesias Groth বলেন,

Our results show that polycyclic aromatic hydrocarbons such as naphthalene are responsible for the diffuse bands and should be present throughout the interstellar medium

উল্লেখ্য স্পেনের এই গবেষণা সংস্থার অধীনে দুটি মানমন্দির আছে এর মধ্যে লা পালমা দ্বীপের “Roque de los Muchachos Observatory” দেখে আমি এক কথায় মুগ্ধ। পাহাড়ের উপর বিশাল বিশাল সব দুরবিন। তার পাশেই মেঘের সমুদ্র দেখা যাচ্ছে। অদ্ভুত দৃশ্য। এই মানমন্দিরের “Nordic Optical Telescope” এর পাশ থেকে তোলা একটা অদ্ভুত ছবি এখানে দিচ্ছি:

la palma

সূত্র - Interstellar Space Molecules That Help Form Basic Life Structures Identified, সায়েন্স ডেইলি

3 Responses leave one →
  1. 2008 অক্টোবর 15
    sudipta permalink

    ভাল লাগল পড়ে।

  2. 2008 অক্টোবর 24

    অসাধারণ!

  3. 2009 মার্চ 15

    nice article. thanks for sharing.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS