গুপ্ত শক্তির রহস্য উন্মোচনে সুপার-কম্পিউটার

2008 ফেব্রুয়ারি 21

যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি” (আইসিসি) কম্পিউটারকেন্দ্রিক বিশ্বতত্ত্ব গবেষণায় পৃথিবীর নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এখানে মহাবিশ্বের গুপ্ত পদার্থ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা ১১ দিন ধরে তাদের সুপার-কম্পিউটারে একটি সিম্যুলেশন পরিচালনা করেছেন। এই সুপার-কম্পিউটারটির নাম কসমোলজি মেশিন বা কসমা। অবশেষে ২০০৮ সালের ১১ই জানুয়ারিতে রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে তারা এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তথ্যটি এরকম:

মহা বিস্ফোরণ ঘটার কয়েক শত হাজার বছর পর বিকিরিত বিশেষ শব্দ তরঙ্গের কারণে বর্তমানে মহাবিশ্বের উপাদান পদার্থসমূহের মধ্যে মৃদু হল্লোল লক্ষ্য করা গেছে। মহা বিস্ফোরণের পর যে ১৩ বিলিয়ন বছর পার হয়েছে ততদিনে এই শব্দ তরঙ্গগুলোর অনেকাংশই ধ্বংস হয়ে গেছে। কিন্তু সিম্যুলশনে দেখা গেছে কয়েকটি শর্তসাপেক্ষে তরঙ্গগুলো টিকে থাকে এবং সে কারণেই কিছু তরঙ্গ টিকে রয়েছে। সিম্যুলেশনের মধ্যে মহাবিশ্বের অদৃশ্য শক্তির পরিমাণ বাড়িয়ে কমিয়ে বিজ্ঞানীরা দেখেছেন এর সাথে সাথে হিল্লোলের দৈর্ঘ্যও পরিবর্তিত হয়। এ কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন এই হিল্লোল হতে পারে গুপ্ত শক্তি এবং গুপ্ত পদার্থ পরিমাপের একটি আদর্শ মাপকাঠি।

আইসিসি’র পরিচালক অধ্যাপক কার্লোস ফ্রেংক তো বলেই বসেছেন, “হিল্লোলগুলো হচ্ছে সোনালী আদর্শ। পরিমাপকৃত হিল্লোলের সাথে এই সোনালী আদর্শের তুলনা করার মাধ্যমে জানা যাবে মহাবিশ্ব কিভাবে প্রসারিত হয়েছে এবং এর মাধ্যমে বের করা যাবে গুপ্ত শক্তির ধর্মসমূহ।”

এদিকে ইতালির বোলগনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা “স্পেস” (স্পেকট্রোস্কোপিক অল-স্কাই কসমিক এক্সপ্লোরার) নামে একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক মহাশূন্য অভিযানের প্রস্তাব করেছেন এসা’র (ইউরোপিয়ান স্পেস এজেন্সি) কাছে। ২০১৭ সালে এর যাত্রা শুরু হওয়ার কথা। ডারহামের এই আবিষ্কার স্পেস অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। উল্লেখ্য স্পেস অভিযানের লক্ষ্যই হচ্ছে গুপ্ত শক্তি ও পদার্থের ধর্ম অনুসন্ধান করে মহাবিশ্বের পরিণতি বিষয়ে তথ্য বের করে আনা।

ব্যবহৃত পরিভাষা

ripple – হিল্লোল
dark matter – গুপ্ত পদার্থ
dark energy – গুপ্ত শক্তি
computational cosmology – কম্পিউটারকেন্দ্রিক বিশ্বতত্ত্ব
standard ruler – আদর্শ মাপকাঠি
gold standard – সোনালী আদর্শ
cosmic vision – মহাজাগতিক দৃষ্টি

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS